লাইনচ্যুত হতেই ট্রেনে লেগে গেল ভয়াবহ আগুন ৷ আগুনের লেলিহান শিখা উঠে গিয়েছে আকাশ পর্যন্ত ৷ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে ৷ জানা গিয়েছে, ওই মালগাড়িটিতে অপরিশোধিত তেল ভর্তি ছিল ৷ চেন্নাই বিচ স্টেশন থেকে রবিবার সকাল নাগাদ ওই মালগাড়িটি রওনা দেয় ৷ তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার কাছে পৌঁছতেই পণ্যবাহী ট্রেনটি লাইনচ্যুত হয় ৷ তারপরই আগুন ধরে যায় মালগাড়িটিতে ৷ দাহ্য পদার্থ বোঝাই থাকায় একের পর এক বিস্ফোরণ হতে থাকে। দাউদাউ করে জ্বলতে থাকে ট্রেনটি। কয়েক মিনিটের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি ইঞ্জিন ৷ স্থানীয়দের তড়িঘড়ি দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ তৎপরতার সঙ্গে চলছে আগুন নেভানোর কাজ । আগুনের তীব্রতা এতই যে দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন । অগ্নিকাণ্ডের ফলে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে রেলের তরফে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, মালগাড়ির পাঁচটি বগি আগুনে পুরো গ্রাস করেছে ৷ জ্বালানি বোঝাই থাকার কারণে আগুন আরও ছড়িয়ে পড়েছে ৷ উদ্ধারকাজের জন্য আরাককোনাম থেকে বিপর্যয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকা পরিদর্শন করেছেন তিরুভাল্লুর জেলা কালেক্টর এম প্রতাপ ৷ অগ্নিনির্বাপণ ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। রেল সূত্র থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি যাতে কোনওরকমভাবে আর বেগতিক না-হয় তাই এলাকাবাসীর বাড়িগুলি থেকে গ্যাস সিলিন্ডারগুলি সরানো হচ্ছে। জেলা প্রশাসন আরও জানিয়েছে, আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে ৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, চেন্নাই-আরাককোনাম রুটে সমস্ত লোকাল ট্রেন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এছাড়াও, ৮টি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ৫টি এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। যার ফলে যাত্রীরা দুর্ভোগের পড়েছেন ৷ দক্ষিণ রেলওয়ে জানিয়েছে, পরিস্থিতি স্বাভাাবিকের জন্য কাজ চলছে ৷ শীঘ্রই ট্রেন পরিষেবা চালু হবে। রেলের তরফে দু’টি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। একটি, 044-25354151, অন্যটি 044-24354995 ৷ তামিলনাড়ু সরকারের তরফে জানানো হয়েছে, ভোরের দিকে তিরুভাল্লুরে একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে ৷ যার জেরে চেন্নাই-তিরুভাল্লুর রুটে যেহেতু ট্রেন পরিষেবা ব্যাহত তাই অতিরিক্ত বাস চালানো হবে ।

