প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। মন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লি সফরে গেলেন তিনি। দিলীপের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজে গতি আনতে দিলীপকে একাধিক পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ভিন রাজ্যে গিয়ে দপ্তরের কাজ দেখে প্রশিক্ষণ নেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ দল গঠনের নির্দেশ দেন। এর পাশাপাশি দিলীপকেও ভিন রাজ্যে গিয়ে কাজ দেখে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এদিন নরেন্দ্র মোদির জন্য আম ও সন্দেশ নিয়ে গিয়েছিলেন দিলীপ ও রিঙ্কু। প্রধানমন্ত্রীকে দিলীপ জানান, তাঁর দপ্তরে ১১ হাজার পদ খালি রয়েছে। এই শূন্যপদ কীভাবে পূরণ করা যায় সেবিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। আলোচনা চলাকালীন দিলীপকে নিজের গুজরাটের অভিজ্ঞতার কথা বলেন মোদি। এরপরই তাঁকে বিশেষজ্ঞ দল গঠনের নির্দেশ দেন। দেশের মধ্যে অনেক রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ভালো কাজ করছে। এই বিশেষজ্ঞ দল সেই সব রাজ্যে গিয়ে দপ্তরের কাজ দেখবে এবং প্রশিক্ষণ নেবে। দিলীপকেও অন্য রাজ্যে গিয়ে কাজ দেখে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।