banganews.net

নিট (ইউজি) পরীক্ষার ফলাফল প্রকাশ করল এনটিএ ৷ বৃহস্পতিবার রাতে সংস্থার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই খরর জানানো হয় ৷ প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগকে কেন্দ্র করে পরীক্ষা বাতিল হয়েছিল একবার ৷ এরপর ফের পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷ জুন মাসের ২১ তারিখ নেওয়া হয় পরীক্ষা ৷ এর কমবেশি তিন সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশিত হল ৷ পড়ুয়ারা https://neet.nta.nic.in – এই ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল জানতে পারছেন ৷ ২০ লক্ষ পড়ুয়ার মধ্যে পাশ করেছেন ১১ লক্ষ ২১ হাজার পরীক্ষার্থী ৷ তার মধ্যে ৫৮ শতাংশই ছাত্রী ৷ ৭১৫ নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছেন পঞ্জাবের আরিযান গুপ্তা এবং হরিয়ানার পানশুল বানসল ৷ মোট ৭২০ নম্বরে পরীক্ষায় ৭০০-র চেয়ে বেশি নম্বর পেয়েছেন ১৯ জন ৷ ১ হাজার ৪৯২ জন ৬৫০-র চেয়ে বেশি নম্বর পেয়েছেন ৷ ৯০ হাজার ৭৮০ জন পেয়েছেন ৫০০-র বেশি নম্বর ৷ দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মধ্যে উত্তরপ্রদেশ থেকে পাশ করেছন ১ লক্ষ ৭০ হাজার পড়ুয়া ৷ আর লাক্ষাদ্বীপের ক্ষেত্রে সংখ্যাটা ৪৩ ৷ ৫৫১টি শহরের ৫ হাজার ৪৪০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল ৷ হিন্দি, অসমীয়া, বাংলা, গুজরাত্, কন্নড়, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু, উর্দু এবং ইংরেজি ভাষায় নেওয়া হয়েছিল পরীক্ষা। সোশাল মিডিয়ার পোস্টে এনটিএ-র তরফে দাবি করা হয়,কার্যপদ্ধতি পুনর্বিন্যাসের মাধ্যমে ফলাফল যথাসময়ে ঘোষণা করা হয়েছে ৷ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের আগে ২৫ জুন প্রাথমিক উত্তরপত্র বা rovisional answer key প্রকাশ করা হয়েছিল ৷ সেদিন থেকে ২৮ তারিখ পর্যন্ত উত্তরপত্র নিয়ে আপত্তি জানানোর সুযোগ ছিল পরীক্ষার্থীদের কাছে । এরপর ১৬ তারিখ ফলাফল ঘোষণা হয়। এর আগে রবিবার ২১ জুন প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী নিট (NEET)-এর রিটেস্ট বা ফের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। নির্বিঘ্নেই মিটেছিল নিট ইউজি-র পুনঃপরীক্ষা। বিকেল সোয়া ৫টা নাগাদ পরীক্ষা দিয়ে বেরিয়ে একাধিক পরীক্ষার্থী জানান পদার্থবিদ্যার প্রশ্ন বেশ কঠিন ছিল ৷ অনেক পরীক্ষার্থীর মতে গত ৩ মে-র পরীক্ষা আজকের পরীক্ষার চেয়ে ভাল হয়েছিল ৷ এদিন নিট ইউজি-র পুনঃপরীক্ষার আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পরীক্ষার্থীদের নির্ভয়ে ও দুশ্চিন্তামুক্ত হয়ে পরীক্ষায় বসার আহ্বান জানান। এবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হল ৷