দেশ

ওডিশায় লাইনচ্যুত নিউ জলপাইগুড়িগামী সুপারফাস্ট এক্সপ্রেসের তিনটি বগি

ফের ওড়িশায় বেলাইন হল ট্রেন ৷ বৃহস্পতিবার সকাল 8টা 51 মিনিট নাগাদ জাজপুর জেলার জাখাপুরা রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস (22611) ৷ ট্র্যাক থেকে বেরিয়ে যায় তিনটি বগি ৷ ট্রেনটি আসছিল MGR চেন্নাই সেন্ট্রাল থেকে ৷ একটি এসি ও 2টি জেনারেল কোচ ট্র্যাক থেকে ছিটকে যায় ৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ রেলের এক আধিকারিক জানান, পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ভদ্রক থেকে অবিলম্বে একটি উদ্ধার ও পুনরুদ্ধারকারী দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে ৷ ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ কী কারণে এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়েছে তার সঠিক কারণ এখনও জানা যায়নি । কোনও হতাহতের খবর মেলেনি ৷ পাশাপাশি, অন্য কোনও ট্রেন পরিষেবাও বিঘ্নিত হয়নি । যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে, একটি টোল-ফ্রি নম্বর (8114382367) দেওয়া হয়েছে রেলের তরফে ৷ পূর্ব উপকূল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) দীপক রাউত সংবাদসংস্থা এএনআই-কে জানান, আজ সকাল 8টা 51 মিনিটে জাখাপুরায় চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে ৷ কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং যাত্রীদের প্রয়োজনীয় সাহায্য করা হচ্ছে ৷ রেললাইনটিও শীঘ্রই পুনরুদ্ধার করা হবে ৷ একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ৷ তা হল- 8114382367 । রেলের টেকনিশিয়ান এবং ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন ৷

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটিতে 10টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচ-সহ মোট 21টি বগি ছিল । যাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে, এমজিআর চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস খানিক আগে ভুবনেশ্বর ছেড়ে কলকাতার দিকে আসছিল ৷ ঘটনার সময় ট্রেনটি খুব ধীর গতিতে চলছিল ।জাখাপুরা ক্রস করতেই হঠাৎ কোনও কারণে 4 নম্বর প্ল্যাটফর্মের খানিক দূরেই ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয় । ঝাঁকুনি হয় সামান্য, তাতেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা । সকলেই তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন এবং অনেকে কান্নাকাটি জুড়ে দেন । গতি কম থাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তাঁরা ৷