পাঁচ দেশ সফরের শেষ ধাপে মঙ্গলবার রাতে রোমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে প্রবাসী ভারতীয়দের পাশাপাশি তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ৷ পাল্টা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে মেলোডি চকলেট উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি ৷ ইতালির সঙ্গে ভারত কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার লক্ষ্যে এই দুই নেতা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় বসতে চলেছেন । প্রধানমন্ত্রী মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মেলোনি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে লেখেন, “রোমে স্বাগতম, বন্ধু !” এর মাধ্যমে দুই নেতার মধ্যকার ঘনিষ্ঠ সু-সম্পর্কের বিষয়টিই আরও বেশি করে ফুটে উঠেছে ৷ সোশাল মিডিয়ায় এই জুটিকে প্রায়শই আদর করে ‘মেলোডি’ (Melodi) নামেও বলতে শোনা যাচ্ছে ৷ নরওয়ে সফর শেষ করার পর ভারত-নর্ডিক সম্পর্ককে ‘গ্রিন প্রযুক্তি ও উদ্ভাবন কৌশলগত অংশীদারিত্ব’-এর স্তরে উন্নীত করা হয়েছিল ৷ এবার ইতালির সঙ্গে সম্পর্ক উন্নত করতে রোম পৌঁছলেন মোদি ৷ মঙ্গলবার রাতে তিনি রোমের বিমানবন্দরে অবতরণ করেন । সেখানে তাঁকে অভ্যর্থনা জানান ইতালির উপ-প্রধানমন্ত্রী এবং বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী আন্তোনিও তাজানি । পরবর্তীতে, প্রধানমন্ত্রী সেখানে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ৷ তাঁর হোটেলে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন ।
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হওয়া ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝেই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদি বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহী (UAE), নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি—এই পাঁচটি দেশে ছয় দিনের সফরে রয়েছেন । এই সফরের মূল লক্ষ্যই হল ইউরোপের প্রধান দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করা । সরকারি সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদির এই সফরের মূল কেন্দ্রবিন্দু হল ইউরোপীয় অংশীদারদের সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি, উদ্ভাবন, গ্রিন এনার্জি এবং সংযোগ (connectivity) সংক্রান্ত উদ্যোগে সহযোগিতা আরও বৃদ্ধি করা । প্রধানমন্ত্রী মোদিও তাঁর রোমে পৌঁছনোর বিস্তারিত তথ্য শেয়ার করেন এবং জানান যে, দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একটি সরকারি সফরে তিনি রোমে এসে পৌঁছেছেন । ঐতিহাসিক ‘ভিলা ডোরিয়া প্যামফিলি’-তে বুধবার প্রধানমন্ত্রী মোদি এবং জর্জিয়া মেলোনি ভারত-ইতালি কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে । এছাড়া, দিনের পরবর্তী সময়ে তিনি ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে নির্ধারিত রয়েছে । প্রধানমন্ত্রী মোদি বলেন, “এই সফরের মূল লক্ষ্য হবে ভারত ও ইতালির পারস্পরিক সহযোগিতা কীভাবে বৃদ্ধি করা যায়, বিশেষ করে ‘ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর’ (IMEC)-এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা । পাশাপাশি, ‘যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা 2025-29’-এর পর্যালোচনাও করা হবে । এছাড়া আমি রাষ্ট্রসঙ্ঘের ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (FAO)-এর সদর দফতর পরিদর্শন করব ৷ বহুপাক্ষিকতাবাদ তথা বৈশ্বিক খাদ্য নিরাপত্তার প্রতি ভারতের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করব ।”
এই সফরের বিস্তারিত তথ্য তুলে ধরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স প্ল্যাটফর্মে পোস্টে লিখেছেন, “ভারত-ইতালি কৌশলগত অংশীদারিত্বে এক নতুন অধ্যায়ের সূচনা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালি সফরে রোমে এসে পৌঁছেছেন ।”
তিনি আরও যোগ করেন, “ভারত ও ইতালির মধ্যে একটি দীর্ঘস্থায়ী ও বহুমুখী অংশীদারিত্ব বিদ্যমান । এই সফর ভারত-ইতালি অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে ।”
বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদির ইতালি সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ‘যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা 2025-29’-এর আওতায় দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক জোরাল গতিবেগ পরিলক্ষিত হচ্ছে । এই কর্মপরিকল্পনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, পরিচ্ছন্ন শক্তি (clean energy), প্রযুক্তি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে ।

