‘ওঁর মন কি বাত।’ ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আত্মজীবনী নিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, বইটির ভারতীয় সংস্করণের ভূমিকাও লিখেছেন। শীঘ্রই বইটির ভারতীয় সংস্করণ প্রকাশিত হতে চলেছে। মোদি জানিয়েছেন, মেলোনির বইটির ভূমিকা লিখতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। মেলোনির প্রতি তাঁর শ্রদ্ধা, প্রশংসা এবং বন্ধুত্বের উপর ভিত্তি করেই বইটির ভূমিকা তিনি লিখেছেন। সেই সঙ্গে একজন ‘দেশপ্রেমিক এবং অসাধারণ সমসাময়িক নেতা’ হিসেবেও মেলোনির প্রশংসা করেছেন মোদি। এছাড়াও ভূমিকায় মোদি জানিয়েছেন, এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন বিশ্বনেতাদের সংস্পর্শে এসেছেন তিনি। তাঁদের প্রত্যেকের জীবনযাত্রা ভিন্ন স্বাদের কাহিনী তুলে ধরে। মেলোনি সম্পর্কে তিনি লিখেছেন, ‘মেলোনির জীবন ও নেতৃত্ব চিরন্তন সত্যকে তুলে ধরে। বিশ্বের সঙ্গে সমানভাবে যোগাযোগের পাশাপাশি নিজের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তাঁর বিশ্বাস আমাদের নিজস্ব মূল্যবোধের প্রতিফলন ঘটায়।’

