চলতি মাসের প্রথম সপ্তাহজুড়েই রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস । ইতিমধ্যে গত দু’দিনের সান্ধ্যকালীন ঝড়বৃষ্টিতে ভরা বৈশাখে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ এবং সাত ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গিয়েছে । ফলে সেই গরম আপাতত অনুভূত হচ্ছে না । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢোকার ফলে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গজুড়ে বজ্রপাত-সহ বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে ।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আজ প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । দুই 24 পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দমকা হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে । সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে । কিছু জেলায় প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে । যার গতিবেগ ঘণ্টায় 50-60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে ৷ বিশেষ করে উপকূল ও পার্শ্ববর্তী জেলায় এই ঝড় হতে পারে । সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির জোরালো সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান-সহ বেশ কিছু জেলায় প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে । মঙ্গলবার ঝড়বৃষ্টির একই পরিস্থিতি বজায় থাকবে । বুধবার বৃষ্টি কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে বজ্রপাত-সহ ঝড় হতে পারে ।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আজ উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (7-20 সেমি) সম্ভাবনা রয়েছে । সপ্তাহান্তে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে ৷ সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে । সোম ও মঙ্গলবার বজ্রপাত-সহ মাঝারি ঝড়বৃষ্টি চলবে । বুধবার উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । বাকি তিন জেলায় তুলনামূলক কম হবে ।