বৃষ্টির দাপট কমেছে। ফিরতে শুরু করেছে অস্বস্তিকর গরম। তবে রাজ্যের ওপর মৌসুমী অক্ষরেখা সক্রিয়। তাই বৃষ্টি চলবে। আজ সোমবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে ৷ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে ৷ আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ৷ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সতর্কতা রযেছে ৷ আগামিকাল, মঙ্গলবার বৃষ্টি হতে পারে শুধু হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায়। মঙ্গলবারের পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত চলবে। চলতি বর্ষায় বৃষ্টিপাতের পরিমাণে উত্তরবঙ্গকে টেক্কা দিয়েছে দক্ষিণবঙ্গ। তবে গত ১৫ দিনে উত্তরবঙ্গ পাল্লা দিচ্ছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের হিসেব বলছে ঘাটতি মেটাতে উত্তরবঙ্গের ওপর বর্ষা গত দু’সপ্তাহে বেশি সদয় ৷ ৪৭ শতাংশ অতিবৃষ্টিতে পরিসংখ্যান গত ঘাটতি মিটেছে ৷ গাঙ্গেয় বঙ্গে পয়লা জুন থেকে ১৬ আগস্ট পর্যন্ত গাঙ্গেয় বঙ্গে স্বাভাবিকের থেকে ১৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে ৷ চলতি মাসের গোড়া থেকেই মৌসুমী অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গ থেকে সরে উত্তরবঙ্গে সক্রিয় ৷ বঙ্গোপসাগরে এখন কোনও শক্তিশালী নিম্নচাপের ইঙ্গিত নেই ৷ রাজ্যের উত্তর এবং দক্ষিণ ভাগের মধ্যে মৌসুমী অক্ষরেখা স্থান বদল করে ৷ যখন যেখানে মৌসুমী অক্ষরেখা থাকে সেখানেই বেশি বৃষ্টি হয় ৷ অন্য জায়গায় বৃষ্টির দাপট কমে। বর্তমানে উত্তরবঙ্গের ওপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা। বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল, তা পশ্চিম দিকে সরেছে ৷ পশ্চিমবঙ্গের উপর তার সরাসরি কোনও প্রভাব আর পড়ছে না। এ ছাড়া একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে ৷ যা এই রাজ্যের কয়েকটি জেলার উপর দিয়ে গিয়েছে ৷ মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয় থাকায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যের বায়ুমন্ডলে ঢুকেছে ৷ ফলে বৃষ্টি কমলেও বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে ৷ উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলছে এবং চলবেও। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃ্ষ্টি চলবে। কয়েকটি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ ওপরের তিন জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা । আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷


