ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদেশ মন্ত্রকের তরফে এমনটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নাগরিকত্ব যাচাইয়ের জন্য 2,680টিরও বেশি মামলার তথ্য ইতিমধ্য়েই বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে ৷ কয়েকটি ক্ষেত্রে পাঁচ বছরের বেশি সময় ধরে তথ্য যাচাইয়ের কাজ ঝুলে রয়েছে বলেও জানান তিনি ৷ শুক্রবার বিকেলে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “ভারত নাগরিকত্ব যাচাইয়ের উদ্দেশ্যে 2 হাজার 680 জনেরও বেশি মানুষের নাম বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ৷ একবার এই নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে, আমরা এই সব ব্যক্তিদের অর্থাৎ বাংলাদেশের এই নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপ করতে পারব।” জয়সওয়াল আরও বলেন, “ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি জানান, অনেক ক্ষেত্রেই নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া পাঁচ বছর বা তারও বেশি সময় ধরে অমীমাংসিত অবস্থায় রয়েছে । আমরা আশা করি, এই নির্দিষ্ট বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা দ্রুত সাড়া পাব। তিনি আরও জানান, ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বি-পাক্ষিক সমঝোতা অনুযায়ী, নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব ৷