বিনোদন

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রয়াত ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গর্গ

প্রয়াত ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গর্গ ৷ গায়কের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগত ৷ জানা গিয়েছে, চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল (NEIF) -এ যোগদানের সময় দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। অসমের বিখ্যাত গায়িকা এবং সাংস্কৃতিক আইকন জুবিন গর্গকে গুরুতর দুর্ঘটনার পর সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি করা হয়ে। শুক্রবার থেকে শুরু হওয়া নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে দ্বীপরাষ্ট্রটিতে ভ্রমণকারী এই শিল্পী স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ৷ সেখানে তিনি হঠাৎই জ্ঞান হারান ৷ গায়ককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই গায়কের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজকদের তরফ থেকে এক বিবৃতি জারি করা হয়েছে ৷ জানানো হয়েছে, স্কুবা ডাইভিং করার সময় জুবিন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ৷ বিবৃতিতে বলা হয়েছে, “সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার আগে জুবিনকে তৎক্ষনাৎ সিপিআর দেওয়া হয়েছিল ৷ হাসপাতালে চিকিৎসকরাও আপ্রাণ চেষ্টা করেন তাঁকে বাঁচানোর ৷ কিন্তু সকলের প্রয়াস ব্যর্থ হয় ৷ হাসপাতালের আইসিইউ বেডে দুপুর ২টো ৩০মিনিট নাগাদ মৃত্যু হয় জুবিন গর্গের ৷” ১৮ নভেম্বর, ১৯৭২ সালে জোড়হাটে জীবন বরঠাকুর নামে জন্মগ্রহণকারী জুবিন গর্গ, ‘উত্তর-পূর্বের রকস্টার’ হিসাবে পরিচিত ৷ জুবিন ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলি’ দিয়ে খ্যাতি অর্জন করেন ৷ তারপর উপহার দিতে থাকেন একের পর এক অসাধারণ গান ৷ অসমীয়া, বাংলা, হিন্দি এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ৪০,০০০-এরও বেশি গান রেকর্ড করেছেন ৷ হিন্দি-বাংলা মিলিয়ে একাধিক সিনেমায় সুপারহিট গান উপহার দিয়েছেন জুবিন ৷ ‘জানে ক্যায়া চাহে মন’, ‘দিল তু হি বাতা’, ‘পিয়া রে পিয়া রে’-মত গান ৷ সঙ্গীতের বাইরেও তিনি অসমীয়া ও বাংলা ছবিতে অভিনয় করেছেন, সিনেমার জন্য সুর করেছেন ৷ সাম্প্রতিক সময়ে জুবিন অসমীয়া সিনেমার প্রচারে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ‘মিশন চায়না’ থেকে ‘সিকার’ পর্যন্ত, জুবিন অসমীয়া বিনোদন শিল্পকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে গিয়েছেন ৷ তাঁর আসন্ন ছবি ‘রোই রোই বিনলে’ চলতি বছর ৩১ অক্টোবর মুক্তি পাবে। ভারতীয় সিনেমার অন্যতম গায়কের মৃত্যুতে বাকরুদ্ধ তারকা থেকে অনুরাগীরা ৷