১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদের প্রতিবাদে রাজ্য সরকার একই ধাঁচে নিজেদের প্রকল্পে যুক্ত করেছিল ‘বাপু’র নাম। রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম হয়েছিল ‘মহাত্মাশ্রী’। এবার সেই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হল রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। ১০০ দিনের কাজে ২০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এতে আরও বহু শ্রমিক, কৃষক উপকৃত হবেন, বলাই বাহুল্য। অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণায় খুশির হাওয়া গ্রামবাংলায়। ছাব্বিশের ভোটের আগে প্রত্যন্ত এলাকাগুলিতে এই প্রস্তাব বড়সড় প্রভাব ফেলবে নিঃসন্দেহে। আরও উল্লেখ্য বিষয় হল, গত রবিবার কেন্দ্রীয় বাজেটে ১০০ দিনের কাজ ‘ভিবি জিরামজি’ প্রকল্পের জন্য কোনও ঘোষণাই করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গ্রামাঞ্চলের দরিদ্র মানুষজনের কর্মসংস্থানের জন্য ১০০ দিনের কাজ প্রকল্প অতি গুরুত্বপূর্ণ। সেই প্রকল্পের নামবদল নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে কম তরজা হয়নি। প্রকল্পের নাম থেকে ‘মহাত্মা গান্ধী’কে মুছে ‘রাম’ নাম আনা হয়েছে। তা নিয়ে বিরোধীদের প্রবল আপত্তিও কানে তোলা হয়নি। প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারও নিজেদের ১০০ দিনের কাজ সংক্রান্ত প্রকল্পের নামও বদল করে। রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম ‘মহাত্মাশ্রী’ করা হয়েছে রাজ্যপালের অনুমোদনক্রমে। গত ডিসেম্বরেই এই নয়া নাম কার্যকর হয়েছে। এখানে কর্মদিবসও বৃদ্ধির কথা বলা হয়েছে।


