মুর্শিদাবাদের বেলডাঙায় এনআইএ তদন্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট । অশান্তির মামলা কলকাতা হাইকোর্টে ফেরাল প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ । এর আগে 20 জানুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানোর পাশাপাশি কেন্দ্র চাইলে এনআইএ-কে তদন্তভার দিতে পারে বলে নির্দেশে জানিয়েছিল ।হাইকোর্টের নির্দেশ পেয়ে 28 জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বেলডাঙায় এনআইএকে এফয়াইয়ার দায়ের করে তদন্তের নির্দেশ দেয় । সেই তদন্তে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত ৷ পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এনআইকে যে তদন্তের দায়িত্ব দিয়েছিল সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে শীর্ষ আদালতে । বুধবার এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী’র ডিভিশন বেঞ্চে ৷ বেঞ্চের নির্দেশ, এনআইএকে পরবর্তী শুনানিতে হাইকোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট দিতে হবে । এই মামলায় ইউএপিএ ধারায় তদন্তের প্রয়োজন আদৌ আছে কিনা হাইকোর্ট রিপোর্ট খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেবে ৷ কেন্দ্রের এনআইএ তদন্তের নির্দেশের বিরুদ্ধে রাজ্য যে আপিল করেছে শীর্ষ আদালতে সেই মামলারও শুনানি করবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । এদিন আদালতে মামলার শুনানিতে বিচারপতি বাগচী বলেন, “গত বছর এপ্রিল মাসে মুর্শিদাবাদে একটা হিংসার ঘটনা ঘটেছিল । কলকাতা হাইকোর্ট সেই ঘটনায় এনআইএকে তদন্তের নির্দেশ দেয় । কিন্তু বেলডাঙায় যা ঘটেছে তাতে ইউএপিএ ধারা তদন্তের প্রয়োজন আছে কিনা তা যাচাই না করে এনআইএকে তদন্তভার দেওয়ার না দেওয়ার ব্যাপারে আদালত কোনও সিদ্ধান্ত নেবে না।” পাশাপাশি NIA-র দায়ের করা এফআইয়ারের ভিত্তি কী সেটাও জানতে চান বিচারপতি ।
রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এনআইএ তদন্ত দেওয়ার মত ঘটনা ঘটেছে কি না সেটা খতিয়ে দেখা হয়নি । রাজ্য পুলিশ এফআইয়ার করে 30 জনকে গ্রেফতার করেছে এই ঘটনায় । অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক 28 জানুয়ারি এনআইএকে তদন্তভার দিয়েছিল । কারণ বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই জায়গায় অশান্তিতে মারণাস্ত্র ব্যাবহার করা হয়েছিল । রাজ্য পুলিশ সহযোগিতা করছে না । এখনও তারা তদন্ত সম্পর্কিত নথিপত্র দেয়নি । এই পরিপ্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “নথিপত্র খতিয়ে না দেখেই ইউএপিএ 15 ধারায় কেন্দ্রের তদন্ত করতে বলা কি সঠিক সিদ্ধান্ত ? আপনার কাছে এখনও কেস ডায়েরি পর্যন্ত দেওয়া হয়নি । তার আগেই আপনি কীভাবে এনআইএ তদন্তের নির্দেশ দেন ?” এই সওয়াল জবাবের পরই বেলডাঙার ঘটনায় এনআইএ তদন্তে স্থগিতাদেশ খারিজ করে শীর্ষ আদালত ৷


