দেশ

আগামীকাল ডিএ মামলার রায় ঘোষণা

 আগামীকাল ডিএ মামলার রায় দেবে সুপ্রিমকোর্ট । সকাল ১০ টা ৩০ মিনিটে ১১ নম্বর এজলাসে এই রায় ঘোষণা করা হবে। অবশেষে  এই মামলার রায়দানের খবরে সরকারি কর্মচারীরা আশায় বুক বাঁধছেন। উল্লেখ্য এর আগে এই মামলায় কলকাতা হাইকোর্টের রায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে গিয়েছে। সেই রায়ের বিরুদ্ধেই সরকার সুপ্রিম কোর্টে যায়। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি দীর্ঘদিন ধরে চলছে সুপ্রিম কোর্টে। গত ১৬ মে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ৪ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ রাজ্যকে মিটিয়ে দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ দেয়নি রাজ্য সরকার। বরং তারা একদম শেষ মুহূর্তে আদালতের কাছ থেকে আরও ৬ মাস সময় চায়। কারণ, বকেয়া মহার্ঘভাতা দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই বলে জানায় রাজ্য। এরপর ৭ অগাস্ট পর্যন্ত শীর্ষ আদালতে এই মামলার শুনানি চলে। রাজ্যের আইনজীবীরা একাধিক বার সওয়াল করে জানায় ডিএ কখনই সরকারি কর্মচারীদের অধিকার নয়। রাজ্য সরকার তার ক্ষমতা মতো ডিএ দিচ্ছে। শেষ পর্যন্ত ৮ সেপ্টেম্বর মামলার শুনানি শেষ হয়। তারপরও সবপক্ষের কথা শোনার পর রাজ্যকে নিজের বক্তব্য জানানোর জন্য আরও দু’সপ্তাহ সময় দিয়েছিল আদালত। কর্মচারীদের বক্তব্য জানাতেও এক সপ্তাহের সময় দেওয়া হয়।