দিনের শেষে তার ধকল কাটল বীরভূমের চার বারের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের দিল্লির ড্রয়িং রুমে। লোকসভার স্পিকারের কাছে নতুন ‘তৃণমূল ব্লক’ বা পৃথক গোষ্ঠী তৈরির ফর্মুলা চূড়ান্ত করার পর, এবার খোদ শতাব্দীর বাসভবনেই বিদ্রোহী সাংসদদের সান্ধ্য আড্ডা তথা চা-চক্র। দিল্লিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন অধিকাংশ বিদ্রোহী তৃণমূল সাংসদ৷ শতাব্দী রায়ের বাড়িতেই ফের বিদ্রোহী সাংসদদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর৷ আজই তৃণমূলের লোকসভার সংসদীয় দলে বড়সড় ভাঙন ধরেছে দিল্লিতে৷ সন্ধেয় শতাব্দী রায়ের বাড়িতে বৈঠকে সাংসদরা। দিল্লিতে শতাব্দী রায়ের বাড়িতে শুভেন্দু অধিকারী। বেরনোর সময় ভিকট্রি সাইন বাংলার মুখ্যমন্ত্রীর। তৃণমূলের অন্তত ২০ জন সাংসদ এনডিএ-র শরিক হতে চেয়ে আবেদন করেছেন৷ সকালেও বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক হয় বলে খবর৷ সেই বৈঠকে হাজির ছিলেন রাজ্যসভার পদত্যাগী তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ও৷ বিদ্রোহী তৃণমূল সাংসদরা যে ব্লক তৈরি করেছেন তাতে দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে৷ উপ দলনেতা হিসেবে নাম রয়েছে শতাব্দী রায়ের৷


