banganews.net

রবিবার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এর চত্বরে আরএসএস-এর শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। কলেজ প্রাঙ্গণে পড়ুয়া এবং আয়োজকদের একাংশের মধ্যে বচসা থেকে শুরু করে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে বর্তমানে বিশাল পুলিশবাহিনী ক্যাম্পাস ঘিরে রেখেছে এবং গেট বন্ধ রয়েছে। জানা গিয়েছে, রবিবার এসআরএফটিআই-এর অডিটোরিয়াম ভাড়া নিয়ে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল ওই সংগঠনের। কিন্তু ক্যাম্পাসে বাইরের লোকজনের প্রবেশাধিকার এবং অনুষ্ঠানের অনুমতি নিয়ে শুরু থেকেই আপত্তি জানান পড়ুয়াদের একাংশ। পড়ুয়াদের অভিযোগ, এই বিষয়ে প্রতিবাদ জানাতে গেলেই তাঁদের ওপর চড়াও হন আয়োজকরা এবং রাজনৈতিক স্লোগান দিয়ে ‘বাংলাদেশি’, ‘সিপিএম’ বা ‘নকশাল’ বলে আক্রমণ করা হয়। অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অডিটোরিয়ামে বৈধভাবে অনুষ্ঠান চলাকালীন পড়ুয়ারা অতর্কিত বাধা দেয়। তাঁদের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ইনস্টিটিউটের নিরাপত্তারক্ষীরাও পড়ুয়াদের পক্ষ নেন বলে দাবি করা হয়েছে। সংগঠনের তরফ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, এ ধরনের প্রতিষ্ঠানের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে। সংঘর্ষের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে পুরো চত্বর। বর্তমানে এসআরএফটিআই-এর মূল গেট বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেপুটি কমিশনারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গোটা চত্বর ঘিরে রেখেছে। অবস্থান বিক্ষোভে বসেছেন পড়ুয়ারা। শেষ পাওয়া খবর অনুযায়ী, উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি, ক্যাম্পাসের বাইরে থমথমে পরিস্থিতি বজায় রয়েছে।