টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আশিস কাপুরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ৷ ‘ইয়ে রিশতা ক্যায়া কহেলাতা হ্যায়’, ‘সসুরাল সিমর কা ২’ খ্যাত অভিনেতাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, অভিনেতাকে পুণে থেকে গ্রেফতার করা হয়েছে ৷ দিল্লির সিভিলস লাইন্স থানায় অভিনেতার নামে অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ ৷ নজর রাখা হয় অভিনেতার গতিবিধির ওপরেও ৷ এরপর পুণে থেকে পুলিশ অভিনেতা আশিসকে গ্রেফতার করেছে ৷
দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গত মাসে দিল্লিতে একটি বাড়িতে পার্টির সময় এক মহিলাকে ধর্ষণের অভিযোগে টেলিভিশন অভিনেতা আশিস কাপুরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের মতে, গোয়া হয়ে প্রথমে পুণেতে যাওয়ার পর কাপুরকে খুঁজে পাওয়া যায়। একাধিক পুলিশ দলের মিলিত তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগকারিনী জানিয়েছেন, সোশাল মিডিয়ার মাধ্যমে আশিসের সঙ্গে পরিচয় হয় তাঁর ৷ তাঁকে অগস্টের দ্বিতীয় সপ্তাহে এক বন্ধুর বাড়িতে পার্টিতে আমন্ত্রণ জানান আশিস ৷


