জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়ার নতুন বিধি আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশে বলা হয়েছে, যখনই জাতীয় গান গাওয়া বা বাজানো হবে, তখন শ্রোতাদের উঠে দাঁড়ানো বাধ্যতামূলক৷ যদিও সিনেমা হ’ল, নিউজ রিল অথবা তথ্যচিত্রের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না৷ এর পাশাপাশি, নতুন নির্দেশিকা অনুযায়ী,যখন কোনও সরকারি অনুষ্ঠান অথবা স্কুলে জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান একসঙ্গে গাওয়া হবে, সেক্ষেত্রে, জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-র আগে গাওয়া বা বাজানো হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’৷ নতুন গাইডলাইন অনুযায়ী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ৬টি স্তবকই গাওয়া হবে এবার থেকে৷ ১৯৩৭ সালে কংগ্রেস গানের যে চারটি স্তবক বাদ দিয়েছিল, সেগুলিও এবার থেকে সরকারি সংস্করণের অংশ৷ জাতীয় গান বন্দে মাতরম এখন পদ্ম পুরস্কার বিতরণীর মতো অনুষ্ঠানে গাওয়া হবে৷ যে যে সরকারি অনুষ্ঠান যেখানে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন, সেখানে তাঁর ঢোকা এবং বেরনোর সময় বাজানো হবে জাতীয় গান৷ সিনেমা হ’ল, থিয়েটারের মতো পাবলিক প্লেসেও ‘বন্দে মাতরম’ চালানো হবে৷ তবে এক্ষেত্রে উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়৷ নতুন নির্দেশিকায় স্কুলগুলিকে বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা পড়ুয়াদের মনে জাতীয় সঙ্গীত, জাতীয় গান এবং জাতীয় পতাকার শ্রদ্ধাশীল মনোভাব উদ্রেক করতে সহায়তা করে৷ বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে জাতীয় গান নিয়ে বিশেষ পদক্ষেপ করার বিষয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার৷ ১৯৩৭ সালে গানের কেবলমাত্র ২টি পদক্ষেপ বেছে নেওয়া নিয়ে সংসদে বিজেপি-কংগ্রেস তুমুল তর্কও হয়েছে৷


