জেলা

শিলিগুড়িতে প্রাতঃভ্রমণে বেরিয়ে ৩ দিন ধরে নিখোঁজ পশু চিকিৎসক, জঙ্গল উদ্ধার থেকে উদ্ধার দেহ

প্রাতঃভ্রমণে বেরিয়ে তিন দিন ধরে নিখোঁজ পশু চিকিৎসকের পচাগলা দেহ উদ্ধার হল গভীর জঙ্গল থেকে ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলকায় ৷ মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি সংলগ্ন বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের রাজফাপরির জঙ্গল থেকে ওই পশু চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তদন্ত করছে ভক্তিনগর থানার পুলিশ। বুধবার দেহটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফরেন্সিক বিভাগে ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। দেহটি নিখোঁজ পশু চিকিৎসক লেন্দুপ ভুটিয়ার কি না, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে ৷ যদিও পরিবারের তরফে দেহটি লেন্দুপ ভুটিয়ার বলে দাবি করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 12 জুলাই অর্থাৎ শনিবার সালুগাড়ার বাসিন্দা ও পেশায় পশু চিকিৎসক লেন্দুপ ভুটিয়া প্রতিদিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন ৷ কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। তিনি কোচবিহারে প্র‍্যাকটিস করছিলেন। শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়াতে একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন ৷ প্রাতঃভ্রমণে বেরিয়ে বেলা বাড়ার পরেও বাড়ি না-ফেরায় পরিবারের তরফে ভক্তিনগর থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয় ৷ মঙ্গলবার বিকেলে রাজফাপরির জঙ্গলে একটি দেহ উদ্ধার হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ। পশু চিকিৎসকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় । পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে দাবি করেন, সেটি নিখোঁজ লেন্দুপ ভুটিয়ার দেহ । তবে দেহের অবস্থা এতটাই খারাপ যে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হয়নি পুলিশের তরফে ।