হোয়াইট হাউসে সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালীন বন্দুকবাজের হামলা ৷ শনিবার রাতের এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য শীর্ষ নেতাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় । তাৎক্ষণিকভাবে কারও আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি ৷ এই ঘটনার পর ট্রাম্প একটি সাংবাদিক সম্মেলন করে জানান, গোলাগুলির সন্দেহভাজন ব্যক্তি হলেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা 31 বছর বয়সী কোল টমাস অ্যালেন । সিক্রেট সার্ভিস তাকে থামানোর আগে সন্দেহভাজন ব্যক্তির কাছে একাধিক অস্ত্র ছিল । একজন আধিকারিক গুলিবিদ্ধ হলেও তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকায় সুরক্ষিত ছিলেন । ট্রাম্প বলেন, “তাকে খুব কাছ থেকে একটি শক্তিশালী বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল এবং জ্যাকেটটি তার কাজ করেছে ।” ঘটনার নিন্দা করে এক্স পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, “ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাম্প্রতিক নিরাপত্তাজনিত ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট নিরাপদ ও অক্ষত আছেন জেনে আমি স্বস্তি পেয়েছি । আমি তাঁদের অব্যাহত নিরাপত্তা ও সুস্বাস্থ্য কামনা করি । গণতন্ত্রে সহিংসতার কোনও স্থান নেই এবং এর দ্ব্যর্থহীন নিন্দা করা অবশ্যই উচিত ।”

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি সেই বলরুমের বাইরে ঘটেছে, যেখানে ট্রাম্প এবং অন্যান্য অতিথিরা বসে ছিলেন । তবে ঠিক কী ঘটেছিল, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় । ওয়াশিংটন হিলটন হোটেলের ব্যাঙ্কোয়েট হলে সিক্রেট সার্ভিস এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ছুটে আসেন ৷ সেই সময় ‘বুরাটা সালাদ’ ভোজনে ব্যস্ত শত শত অতিথি টেবিলের নিচে আশ্রয় নেন । কেউ একজন চিৎকার করে বলে ওঠেন, “পথ ছাড়ুন, স্যার !” অন্যরা চিৎকার করে সবাইকে নিচে ঝুঁকে পড়ার বা আশ্রয় নেওয়ার নির্দেশ দেন । ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়ার সময় হলের এক কোণ থেকে সমবেত কণ্ঠে “গড ব্লেস আমেরিকা” ধ্বনি শোনা যেতে থাকে । ট্রাম্প মুহূর্তের জন্য পড়ে গিয়েছিলেন ৷ মনে হচ্ছিল তিনি সম্ভবত হোঁচট খেয়েছিলেন ৷ তবে সিক্রেট সার্ভিসের এজেন্টরা তাঁকে উঠে দাঁড়াতে সহায়তা করেন । আইন প্রয়োগকারী সংস্থার এক আধিকারিক নিশ্চিত করেছেন যে, সেখানে একজন বন্দুকধারী ছিল ৷ তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি । সিক্রেট সার্ভিসের নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত সকল আধিকারিককেই সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় । আয়োজকরা নৈশভোজের অনুষ্ঠানটি পুনরায় শুরু করার চেষ্টা করছিলেন । উপস্থিত জনতার মধ্য থেকে কেউ কেউ জানান, তারা সম্ভবত পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শুনেছেন । ব্যাঙ্কোয়েট হলটিতে সেই সময় শত শত বিশিষ্ট সাংবাদিক, তারকা এবং জাতীয় নেতারা ট্রাম্পের বক্তৃতার অপেক্ষায় ছিলেন ৷ এই ঘটনার পর তা তাৎক্ষণিকভাবে খালি করে ফেলা হয় । ন্যাশনাল গার্ডের সদস্যরা ভবনের ভেতরে চলে যান ৷ এই সময় অতিথিদের ভবন থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে পুনরায় ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি । হোটেলের বাইরেও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর করা হয় ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং বিদেশসচিব মার্কো রুবিও-সহ ট্রাম্প প্রশাসনের আরও অনেক শীর্ষ নেতা । এই বিশৃঙ্খল পরিস্থিতির পর অনুষ্ঠানটি পুনরায় শুরু হওয়ার প্রস্তুতি চলছিল বলে খবর । ট্রাম্পের ফিরে আসার প্রস্তুতি হিসেবে পরিবেশনকারীরা পুনরায় ন্যাপকিন ভাঁজ করছিলেন এবং জলের গ্লাসগুলো ভরছিলেন । আরেকজন কর্মী প্রেসিডেন্টের নির্ধারিত বক্তৃতার জন্য তাঁর ‘টেলিপ্রম্পটার’ প্রস্তুত করছিলেন । বলরুম থেকে বেরিয়ে যাওয়ার সময় অতিথিদের অনেক ভাঙা থালা-বাসন ও কাঁচের টুকরোর ওপর দিয়ে হেঁটে যেতে হয় । হোটেলের বাইরে ন্যাশনাল গার্ডের সদস্য এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকাটি ঘিরে ফেলেন ৷ এ সময় মাথার ওপর দিয়ে হেলিকপ্টার চক্কর দিচ্ছিল বলে জানা গিয়েছে ।