নয়াদিল্লিঃ করোনা ভাইরাসে সংক্রমণের কারণে গোটা দেশের অর্থনীতিতে ভীষণভাবে প্রভাব পড়েছে। সূত্রের খবর, পরিস্থিতি বিবেচনা করে ৬ মাসের জন্য জিএসটি সংগ্রহ স্থগিত রাখতে পারে মোদি সরকার। এমনই সিদ্ধান্ত চূড়ান্ত করার আলোচনা চলছে মন্ত্রী মহলে। যদিও এখনও এই নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। জিএসটি কাউন্সিলে এই নিয়ে আলোচনা চলছে। মনে করা হচ্ছে নির্মাণ শিল্পের ক্ষেত্রে কম জিএসটি সংগ্রহ করা হতে পারে এবার। দেশের সিংহভাগ অর্থনীতি দাঁড়িয়ে থাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর। কিন্তু করোনা লকডাউনের ফলে এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নিয়ে কয়েক দিন আগেই সরব হয়ে ছিল কংগ্রেসও। সরকারের কাছ থেকে এই ক্ষেত্রের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ দাবি করেছে কংগ্রেস। সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই নিয়ে পরামর্শ দিয়ে চিঠিও দিয়েছেন।

