ভারতে এসে পৌঁছলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেলা ১১ টা ৪০ নাগাদ ট্রাম্পের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান ভারতের মাটিতে নামে । তাঁর কিছুক্ষণ পরেই বিমান থেকে নেমে আসেন ট্রাম্প। ইতিমধ্যে সকালেই সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমান বন্দরে রয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। বিমান থেকে নেমেই নরেন্দ্র মোদিকে জড়িয়ে ধরলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী, কন্যা ও জামাই। এছাড়াও তাঁর সঙ্গে রয়েছেন ১০০ জনের একটি প্রতিনিধি দল। ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গরবা নৃত্য পরিবেশিত করা হয় বিমানবন্দরে। বিমানবন্দর থেকে বেরিয়ে সবরমতী আশ্রমে গেলেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। সবরমতী আশ্রম ঘুরে দেখছেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। এরপর সবরমতী আশ্রমে চরকায় সুতো কাটার কাজ নিজে হাতে করেন মেনালিয়া ও ডোনাল্ড ট্রাম্প। কয়েকজন আশ্রমিক তারপর হাতে করে সুতো কাটা বুঝিয়ে দেন তাঁদের। এরপর সেখান থেকে মোতেরা স্টেডিয়ামের দিকে রওনা দেবেন তাঁরা। অন্যদিকে মোতেরায় পৌঁছেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ। মোতেরা স্টেডিয়ামের বাইরে ভিড় জমতে শুরু করেছে। সেজে উঠেছে মোতেরা স্টেডিয়াম। কড়া নিরাপত্তা স্টেডিয়াম চত্তরে । সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে আমদাবাদ পর্যন্ত দীর্ঘ ২২ কিলোমিটার রাস্তা গত কয়েক দিনে সেজে উঠেছে। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে এই দীর্ঘ পথে নজিরবিহীন ব্যবস্থা করা হয়েছে। থাকছে নাচ-গান এবং ‘রোড শো’-এর ব্যবস্থা। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা আমদাবাদ শহরটিকে। ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকছে মার্কিন সিক্রেট সার্ভিস, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। জানা গেছে আইটিসি মৌর্য হোটেলে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। হোটেলের চাণক্য স্যুইটে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। যার ভাড়া রাতপ্রতি ৮ লক্ষ টাকা।