স্বাভাবিক হতে শুরু করেছে হিংসাবিধ্বস্ত উত্তর–পূর্ব দিল্লি। তার মধ্যেই দিল্লিতে শনিবার ফের উঠল ‘দেশ কি গদ্দারোঁকো, গোলি মারো **** ’‌ স্লোগান। ঘটনাটি ঘটেছে শহরের ব্যস্ততম রাজীব চক মেট্রো স্টেশনে। ডিসিপি মেট্রো জানালেন, আজ দুপুর ১২টা ৩০মিনিট নাগাদ স্টেশনে একটি ট্রেন থামার পর সেখান থেকে নেমে আসে ৬ জন তরুণ। প্রত্যেকের পরনে ছিল সাদা জামা এবং মাথায় গেরুয়া রঙের ফেট্টি বাঁধা। স্টেশনে নেমেই তারা ওই স্লোগান দিতে শুরু করে। তৎক্ষণাৎ তাদের আটক করেন মেট্রো কর্মী এবং নিরাপত্তাকর্মীরা। ধৃতদের রাজীব চক মেট্রো থানার হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের জেরা করছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। মেট্রো স্টেশন চত্বরে কোনওরকম স্লোগান দেওয়া বা বিক্ষোভ দেখানো নিষিদ্ধ।