কেরল দিয়েই প্রথম ভারতে ঢুকল করোনাভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রেস বিবৃতি দিয়ে একথা বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওই রোগীকে হাসপাতালের সম্পূর্ণ পৃথক ওয়ার্ডে রাখা হয়েছে এবং খুব কাছ থেকে লক্ষ্য রাখা হচ্ছে। তবে রোগী স্থিতিশীল আছেন। চিনের ইউহান বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন ওই যুবক। ইতিমধ্যেই কেরলের ৪০০ জনের বেশি মানুষকে তাঁদের নিজেদের বাড়িতেই করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কড়া নজরদারিতে রাখা হয়েছে। পয়লা জানুয়ারি থেকে যাঁরা চিন থেকে ফিরেছেন তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগেই নির্দেশিকা দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই মতোই সারা দেশের বিভিন্ন বিমানবন্দরে কমপক্ষে ৩০০০০ যাত্রীকে পরীক্ষা করা হয়েছে। এপর্যন্ত মোট ১৬টি দেশের ১০৪ জনের শরীরে নোভেল করোনাভাইরাস ধরা পড়েছে।