নয়াদিল্লিঃ ৫ বছরের গুড়িয়াকে অপহরণের পর গণধর্ষণ মামলায় ২ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। শনিবার করকরডুমা আদালতের মধ্যে বসেছিল পকসো আদালত। সেখানেই বিচারক মনোজ শাহ এবং প্রদীপ কুমারকে দোষী সাব্যস্ত করেন। আগামী ৩০ তারিখ সাজা ঘোষণা করা হবে। রায় পড়ে শোনানোর সময় বিচারক বলেন, ‘‌আমাদের সমাজে বালিকাদের কোনও কোনও জায়গায় দেবীরূপে পুজো করা হয়। কিন্তু এই মামলায় নির্যাতিতা শিশুটি অবর্ণনীয় অপমান এবং অত্যাচারের শিকার হয়েছিল। ওই অপরাধ করা হয়েছিল অত্যন্ত বীভৎসতায় এবং প্রতিশোধস্পৃহায়। এবং তা সারা সমাজের চেতনা নাড়িয়ে দিয়েছিল।’‌ এদিকে, রায়ের পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় এক দোষী তাদের ছবি তুলতে ব্যস্ত চিত্র সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিতে চেষ্টা করে। তবে পুলিস তৎক্ষণাৎ তাদের আটকায়।