সিএএ সমর্থনে মিছিল। পালটা প্রতিরোধ। তার জেরে উত্তপ্ত ঝাড়খণ্ডের লোহারডাঙা। বৃহস্পতিবার আমলাটোলিতে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এরমধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মী। পরিস্থিতি আয়ত্তে আনতে গতকাল সন্ধ্যে থেকেই জারি করা হয়েছে কার্ফু। আজ সকালের লোহারডাঙা। রাস্তায় রুটমার্চ করছে আধাসেনা। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবারের দুপুর। সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে এই সেই মিছিল। সবকিছু গেরুয়া। তবুও দাবি এই মিছিল ছিল অরাজনৈতিক। রাঁচি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে আমলাটোলি নামে এলাকায় এই মিছিলেই হামলার অভিযোগ। প্রায় ২’ঘণ্টা আশপাশের এলাকায় তাণ্ডব চলে। গাড়ি থেকে লরি,সঙ্গে দোকানপাঠ জ্বালিয়ে দেওয়া হয়। পোড়ান হয় সাত থেকে আটটি বাইক। পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রথমে লাঠি, তারপর কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সরকারি সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমলাটোলিতে জারি থাকবে কার্ফু।