২০১২ সালে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় দোষী চারজনের মৃত্যু পরোয়ানা জারি করল পাতিয়ালা হাউস কোর্ট। ২২ জানুয়ারি, বুধবার সকাল ৭টায় তাদের ফাঁসি দেওয়া হবে বলে আদালত জানিয়েছে। তবে দোষীরা আগামী ১৪ দিনের মধ্যে মৃত্যু পরোয়ানা খারিজের আবেদন (কিউরেটিভ পিটিশন) করতে পারবে। যদিও ফাঁসির হুকুম হয়ে গিয়েছিল অনেক আগেই। কিন্তু দোষীরা প্রাণভিক্ষে করে কখনও রাষ্ট্রপতির কাছে আবেদন জানায়। কখনও সু্প্রিম কোর্টের কাছে আবেদন জানায়। তাই সেই প্রক্রিয়া বেশ কিছুটা পিছিয়ে যায়। এদিকে ফাঁসির আদেশ স্থগিত করা নিয়ে যখন নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত আবেদন নিবেদন চলছে, ঠিক তখনই ফাঁসুরে খুঁজে পেতে হিমশিম খেয়ে যেতে হয় তিহার জেল কর্তৃপক্ষকে। কলকাতা থেকে তখন ধনঞ্জয়ের ফাঁসি দেওয়া নাটা মল্লিকের ছেলের নাম প্রস্তাব করা হয়। নিজের হাতে ফাঁসি দিতে আগ্রহ প্রকাশ করে দেশবিদেশ থেকে অসংখ্য আবেদন জমা পড়তে থাকে তিহারে, যাঁদের কেউই প্রায় পেশাদার ফাঁসুরে নন। বরং বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। আবেগ তথা ক্ষোভের বহিঃপ্রকাশ যখন তুঙ্গে তখনই ঠিক হয়ে গেল ফাঁসির দিনক্ষণ। নির্ভয়ার মা বললেন, “২২ জানুয়ারি আমার কাছে কাছে বড়দিন।”

