দিল্লির সরকারি স্কুলে ছোট শিশুদের সঙ্গে আজ ‘‌হ্যাপিনেস ক্লাস’ করলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এদিন সকালে দিল্লির দক্ষিণ মতি বাগের নানকপুরায় সর্বোদয় বিদ্যালয় সিনিয়র সেকেন্ডারি কোএড স্কুলে যান মেলানিয়া। ছাত্রছাত্রীরাই তাঁকে ভারতীয় সনাতনী রীতি মেনে তিলক পরিয়ে, আরতি করে, ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানায়।  প্রায় ২০ মিনিট ওই স্কুলে ছিলেন মেলানিয়া। শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। ছবি আঁকেন। গল্প করেন। ছাত্রছাত্রীরা তাঁর সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল, তাতে যোগ দেন।স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বৈঠকও সারেন। মেলানিয়াকে মধুবনী শিল্পকলার চারটি ছবি উপহার দেয় ছাত্রছাত্রীরা। মেলানিয়ার স্কুল সফরে তাঁদের আমন্ত্রণ জানানো না হলেও সকালেই তাঁকে হ্যাপিনেস ক্লাসে যোগ দেওয়ার জন্য শুভেচ্ছা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইটারে তিনি লেখেন, ‘‌আমাদের স্কুলে আপনাকে স্বাগত ফ্লোটাস। আশা করব হ্যাপিনেস ক্লাসে আপনার ভালো সময় কাটবে। এটা মাত্র ১৮ মাস পুরনো। কিন্তু এর আগের ফলাফল আমাদের মনে এই আত্মবিশ্বাস জাগিয়েছে যে এর মাধ্যমেই দেশ এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা সন্ত্রাস মোকাবিলা সম্ভব।’‌