নয়াদিল্লিঃ অগ্নিগর্ভ উত্তর-পূর্ব দিল্লি। বন্ধ সব দোকান। রাস্তাঘাট শুনশান। এ ইপরিস্থিতির জন্য দিল্লি পুলিশকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট। বুধবার শাহিনবাগ আন্দোলনের বিরুদ্ধে আবেদনের শুনানিতে শীর্ষ আদালত বলল, শাহিনবাগের আন্দোলনের বিরুদ্ধে আবেদন শোনার পরিবেশ-পরিস্থিতি এখন নেই। এরপরেই দিল্লি পুলিশের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট বলে, হিংসায় যারা উস্কানি দিয়েছে, তাদের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নিলে আজ দিল্লিতে এই পরিস্থিতি হত না। সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কউল বলেন, ‘সমস্যাটা হল পুলিশের পেশাদারি মনোভাবে অভাব। এবং স্বাধীন ভাবে কাজ করতে না পারা। যদি আইন মেনে পুলিশ কাজ করত, তা হলে অনেকগুলি সমস্যাই মিটে যেত। কেউ উস্কানিমূলক মন্তব্য করলে, তার বিরুদ্ধে তখনই পদক্ষেপ করা উচিত ছিল পুলিশের। এই সবের জন্য কারা দায়ী, তা ঠিক করবে প্রশাসন। এই পরিস্থিতিতে আমরা কিছু বলব না।’সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের বেঞ্চকে বলেন, পুলিশের বিরুদ্ধে দয়া করে নেতিবাচক পর্যবেক্ষণ করবনে না। তা হলে পুলিশের মনোবলে ধাক্কা লাগতে পারে। এই প্রসঙ্গে সলিসিটর জেনারেলকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পুলিশের উদাহরণ দিয়ে বিচারপতি কে এম জোসেফ বলেন, এই ধরনের হিংসা হলে ওই দেশগুলিতে পেশাদারি মনোভাবে কাজ করে পুলিশ। শাহিনবাগ মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ বলেন, ‘আগে সব ঠান্ডা হোক। অনেক বড় ইস্যুর এই মুহূর্তে সমাধান দরকার। এই বিষয়ে শুনানিতে সব পক্ষের সকলের সদ্বিবেচনা দরকার।’

