নির্ভয়াকাণ্ডে অক্ষয় সিং ঠাকুরের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।‌ বহাল রইল পুরনো রায়ই। ফলে নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত অক্ষয় সিংয়ের মৃত্যুদণ্ড বহাল রাখল সুপ্রিম কোর্ট। বুধবারের এই রায়কে সঙ্গে সঙ্গে স্বাগত জানালেন নির্ভয়ার মা। এমনকী এদিন এই আর্জির পুনর্বিবেচনা করার কোনও যৌক্তিকতা নেই বলেও জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। আদালত সূত্রে খবর, বুধবার বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এএস বোপান্না, বিচারপতি আর ভানুমতীর বেঞ্চে শুনানি শুরু হয়। অক্ষয় সিংয়ের আইনজীবী এপি সিং দাবি করেন, তাঁদের হাতে নতুন তথ্য এসেছে। পুলিশের তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠছে। তাঁর মক্কেলের উপর মিডিয়া এবং জনগনের চাপ রয়েছে। জনগণের চাপে পড়ে বাসের কনডাক্টরকে অভিযুক্ত করা হয়। উপযুক্ত তদন্ত না হওয়ার কারণেই এই ভুল হয়েছে। যদিও আদালত এই আর্জি খারিজ করে দেয়। এপি সিং আদালতে আরও দাবি করেন, নির্ভয়ার বন্ধুর বিরুদ্ধে লাখ টাকার ঘুষ নেওয়া অভিযোগ রয়েছে। ওই মামলার আর এক দোষী রাম সিংয়ের আত্মহত্যা সন্দেহজনক ছিল। মহিলাদের ধর্ষণ অত্যন্ত খারাপ। কিন্তু তার জন্য দোষীদের মৃত্যুদণ্ড কেন? মৃত্যুদণ্ড সমস্যার সমাধান নয়। মৃত্যুদণ্ড অপরাধীকে শেষ করে, অপরাধকে নয়। যদিও তাতে আগের রায় পাল্টায়নি। ফলে নির্ভয়া কাণ্ডে অক্ষয়–সহ দোষী সাব্যস্তদের এখনও পর্যন্ত ফাঁসির সাজাই বহাল রইল।