ভারতে প্রথম নোভেল করোনা আক্রান্তের শরীরে থাকা জীবাণুর ছবি প্রকাশ করল আইসিএমআর। পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজির পরীক্ষাগারে আক্রান্তের লালা রস পরীক্ষা করে গত ৩০ জানুয়ারি Sars-Cov-2 জীবাণুর সন্ধান মেলে। এই Sars-Cov-2 জীবাণুর থেকেই Covid-19-এ আক্রান্ত হন রোগীরা। ট্রান্সমিশন ইলেক্ট্রন মাইক্রোস্কোপ ইমেজিং পদ্ধতি ব্যবহার করে এই পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষাতেই চিন ফেরত ওই তরুণীর শরীরে করোনা ভাইরাসের জীবাণুর অস্তিত্বের প্রমাণ মিলেছিল। ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ-এ সেই জীবাণুর ছবি প্রকাশ করা হল।

