নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে হিংসার ঘটনায় সমালোচনা করেছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তাঁর বিতর্কিত মন্তব্য সুনজরে দেখছে না কংগ্রেস। লোকসভায় তাদের দলনেতা অধীর চৌধুরীর মন্তব্য, বিজেপি নেতাদের মতো কথাবার্তা বলছেন সেনাপ্রধান। দিল্লিতে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন,”মানুষের মধ্যে নেতার অভাব নেই। কিন্তু সকলেই নেতা হয়ে উঠতে পারেন। কারণ, নেতাকে যাঁরা অনুসরণ করছেন, তাঁদের সঠিক পথ দেখা হয়। এটা নেতৃত্ব। ভুল পথে নিয়ে গেলে সঠিক নেতৃত্ব বলা যায় না। আমরা দেখছি প্রচুর মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এটা মোটেই সঠিক নেতৃত্বদান নয়।” সেনাপ্রধানের এহেন মন্তব্যের নিন্দা করেছেন অধীর চৌধুরী। তাঁর কথায়,”নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে সেনাপ্রধানের মন্তব্য আপত্তিকর, নীতিহীন ও তাঁর সীমার বাইরে। ওনাকে বিজেপি নেতা মনে হচ্ছে। ভারতীয় সেনার নিরপেক্ষতা ধরে রাখার দায়িত্ব পালন করুন রাওয়াত।”
