বিবাদের জেরে এক বন্ধুকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গুরুগ্রামের সেক্টর ৬৫ এলাকার ঘটনা। অন্য দিকে, মাত্র দেড় হাজার টাকা ধার নিয়ে বিবাদের জেরেও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মুম্বইয়ে। দু’টি ঘটনারই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বাবার লাইসেন্সড রিভলবার ব্যবহার করে এক যুবককে গুলি করে খুনের ঘটনা ঘটেছে গুরুগ্রামের সেক্টর ৬৫ এলাকায়। মৃতের নাম আকাশ (২৮)। দিল্লির বদরপুর এলাকার বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ওই গুলি চালানোর ঘটনা ঘটে। এই গুলি চালানোর অভিযোগ উঠেছে লাকি নামে এক যুবকের বিরুদ্ধে। সেখানকার বেহরামপুর গ্রামের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, আকাশকে ডাকেন লাকি। বন্ধুর কথায় কোনও কিছু না ভেবেই চলে আসেন তিনি। তার পরে দু’জনের মিলে গাড়ি করে ঘুরতে বের হন। সেই সময়েই আকাশকে লক্ষ্য করে গুলি চালান লাকি বলে অভিযোগ। পরে গুরুগ্রামের ৫৭ সেক্টর এলাকার একটি বেসরকারি হাসপাতালে আকাশকে নিয়ে যান লাকি-ই। সেখানেই আকাশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তা শুনেই সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কী কারণে এই গুলি চালানোর ঘটনা তা অভিযুক্তকে গ্রেপ্তার করার পরেই জানা যাবে বলে জানিয়েছেন আধিকারিকরা।
অন্য দিকে, টাকা ধার দেওয়া নিয়ে দীর্ঘ দিনের বিবাদের জেরে মুম্বইয়ের শিবাজিনগর এলাকায় এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ২৪ বছর বয়সি রিয়াজ শেখকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটে সেখানকার MHADA কলোনিতে। বৃহস্পতিবার, সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রিয়াজের। এই খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ।

