ত্রিপুরায় খবর করার পরই আটক দুই মহিলা সাংবাদিক। রবিবার অসমের নিলামবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাচক্রে ওই দুই সাংবাদিক আগেই ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ এনেছিলেন। এদিন বিশ্ব হিন্দু পরিষদের এক সদস্যের অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করেছে অসম পুলিশ। তাঁর অভিযোগ ছিল, ওই দুই মহিলা সাম্প্রদায়িক হিংসা এবং হানাহানিতে উসকানি দিচ্ছেন। তারপরই ত্রিপুরা পুলিশ ওই দুই মহিলা সাংবাদিককে নোটিস পাঠায়। এমনকী, রাতে হোটেলে তাঁদের জিজ্ঞাসাবাদও করতে যায় পুলিশ। যদিও ওই দুই সাংবাদিক অভিযোগ করেন, তাঁদের হোটেলে জোর করে আটকে রেখেছিল ত্রিপুরা পুলিশ। আজ সকালে হোটেল থেকে বেরনোর অনুমতি পান তাঁরা। কিন্তু অসম যাওয়ার পথে ওই দুই সাংবাদিককে আটক করে অসম পুলিশ। সমৃদ্ধি সাকুনিয়া নামের এক সাংবাদিকের অভিযোগ, ত্রিপুরায় হওয়া এফআইআরের ভিত্তিতেই তাঁদের আটক করেছে অসম পুলিশ। এমনকী এডিটর্স গিল্ডও তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। আপাতত ওই দুই সাংবাদিকের আটক হওয়া নিয়ে উত্তপ্ত ত্রিপুরার রাজনীতি।