লখিমপুর খেরি কাণ্ডে জামিন পেলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রর ছেলে আশিস মিশ্র ও তাঁর দুই সহযোগী ৷ সোমবার লখিমপুর খেরি জেলা ও দায়রা আদালত তাঁদের জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ প্রসঙ্গত, লখিমপুর খেরিতে খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত হলেন আশিস মিশ্র ৷ ৩ অক্টোবরের ওই ঘটনায় প্রাণ যায় আটজনের ৷ এই ঘটনার ছ’দিন পর গত ৯ অক্টোবর আশিসকে গ্রেফতার করা হয়৷ সরকারি আইনজীবী অরবিন্দ ত্রিপাঠী জানিয়েছেন, এদিন আশিস ও তাঁর দুই সঙ্গী লভ কুশ রানা এবং আশিস পাণ্ডে তাঁদের জামিনের আবেদন জানান ৷ কিন্তু, আদালত সেই আর্জি খারিজ করে দেয় ৷ শুনানি চলাকালীন বিচারক মুকেশ মিশ্র জানান, এই ঘটনার তদন্ত এখনও চলছে ৷ তাছাড়া, মূল অভিযুক্তকে মুক্তি দেওয়ার মতো কোনও জোরালো কারণও নেই ৷ তাই তাঁকে জামিন দেওয়ার কোনও প্রশ্নই নেই ৷ উপরন্তু, সরকারি আইনজীবী আদালতকে জানিয়েছেন, ঘটনার সময় আশিস মিশ্র যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সেই দাবির স্বপক্ষে এখনও পর্যন্ত ৬০ জন সাক্ষ্য দিয়েছেন ৷ তাছাড়া, ব্যালিস্টিক রিপোর্টও বলছে, সেদিন যে গুলি ছোড়া হয়েছিল, তাতে আশিসের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে ৷ প্রসঙ্গত, গত সপ্তাহেই এই মামলায় ফরেনসিকের রিপোর্ট প্রকাশ্যে আসে ৷ তাতে দেখা যায়, শুধুমাত্র আশিস নন, তাঁর দুই বন্ধু অঙ্কিত দাস এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী লতিফ ওরফে কালের আগ্নেয়াস্ত্র থেকেও ঘটনার দিন গুলি ছোড়া হয়েছিল ৷