টিকার দুটি ডোজ নেওয়ার পরও বেশ কিছু দেশে টিকার বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। বেশ কিছুদিন ধরেই আমাদের দেশেও টিকার বুস্টার ডোজ় নিয়ে আলোচনার মাঝে মুখ খুললেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের প্রধান ডাঃ বলরাম ভার্গভ তিনি জানিয়েছেন, এখনও অবধি এমন কোনও বিজ্ঞানসম্মত প্রমাণ মেলেনি যার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে বুস্টার ডোজ আবশ্যক। ভার্গভ বলেন, “দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিকদের করোনা টিকা দেওয়া এবং বিশ্বব্যাপি টিকা গ্রহণের জন্য উপযুক্ত সকলের টিকার বন্দোবস্ত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।” সংবাদ সংস্থা পিটিআইকে ভার্গভ জানিয়েছেন, “করোনার বিরুদ্ধে লড়াইয়ে বুস্টার ডোজ আবশ্যক, এই সংক্রান্ত কোনও বৈজ্ঞানিক প্রমাণ এখনও মেলেনি।” জানা গিয়েছে চলতি মাসের শেষ সপ্তাহে করোনা টিকা বুস্টার ডোজ এবং শিশুদের টিকাকরণ চালু করার বিষয় নিয়ে বৈঠকে বসতে চলেছে দেশের টিকাকরণ সংক্রান্ত সরকারের সর্বোচ্চ সংস্থা ন্যাশানাল টেকনিক্যাল অ্যাডভিসরি গ্রুপ অন ইমুইনাইজেশন। সেই বৈঠকের ঠিক আগেই আইসিএমআরের সর্বোচ্চ কর্তার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।