ত্রিপুরা ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিপ্লব দেব সরকারের। তৃণমূলের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় হিংসা রুখতে রাজ্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। নির্বাচনের দিন থেকে ফলপ্রকাশ পর্যন্ত নিরাপত্তার কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে ত্রিপুরার ডিজিপি এবং স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরায় পুরভোটের দায়িত্বে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে তাও জানতে চাওয়া হয়েছে।এদিন আদালতে তৃণমূলের আইনজীবী বলেছেন, ‘‌রাজনৈতিক কর্মী এবং তাঁদের বাড়ির মহিলা-শিশুদের ঘর থেকে বের করে এনে মারা হচ্ছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেখানে কীভাবে মানুষ ভোট দিতে বাড়ি থেকে বেরবেন? ১৭টি হিংসার ঘটনা। কাউকে গ্রেপ্তার করা হয়নি।’‌ সঙ্গত, এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এদিকে গত দু-‌তিন দিন ধরে একাধিকবার রণক্ষেত্রের চেহারা নিয়েছে ত্রিপুরা। শনিবার ফিরহাদের সভায় লাইট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। রবিবারও তৃণমূল নেতাদের হোটেলে পুলিশ হানা দেয়। তারপর সায়নীকে গ্রেপ্তার। এই সব ঘটনায় বিজেপির বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। এবার সেই নিয়েই কড়া মনোভাব স্পষ্ট করল দেশের শীর্ষ আদালত।