”সরকারের সবচেয়ে বড় সমস্যা হল সময়মতো সিদ্ধান্ত নিতে না পারা।” কোনও বিরোধী নেতা নয়, এমন মন্তব্য করতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করিকে। এর আগেও বারবার এই ধরনের মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর মন্তব্যে অস্বস্তিতে পড়েছে দল। দলের শীর্ষ কমিটি থেকে বাদও পড়তে হয়েছে তাঁকে। তবুও গড়করি যে গড়করিতেই রয়েছেন তা আবারও পরিষ্কার হয়ে গেল নতুন এই মন্তব্যে। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই তিনি বলেন, ”মির‍্যাকল করাই যায়… সেই ক্ষমতাও রয়েছে… আমার মতে ভারতীয় পরিকাঠামোর ভবিষ্য়ৎ অত্যন্ত উজ্জ্বল।” আর এই প্রসঙ্গেই তাঁর বক্তব্য, ”আসলে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়ই সবচেয়ে বড় মূলধন। সরকারের সবচেয়ে বড় সমস্যা হল সময়মতো সিদ্ধান্ত নিতে না পারা।”