চলে গেলেন আরও এক শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। শনিবার ভোরে প্রয়াত হলেন ড. প্রভা আত্রে। শাস্ত্রীয় সঙ্গীতে পরপর মৃত্যুতে শোকাহত গোটা দেশ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। পুণেতে তাঁর বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। প্রভা আত্রে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানায় গান গাইতেন। ভারত সরকারের তরফে মোট তিনটি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। সূত্রের খবর, ‘‘ড. প্রভা আত্রে তাঁর বাসভবনে ঘুমের মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। তাঁকে শহরের কোথরুদ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে ভোর ৫টা ৩০মিনিট নাগাদ মৃত ঘোষণা করা হয়।’’যেহেতু আত্রের পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য বিদেশে থাকেন। তাই তাঁরা পুণে পৌঁছনোর পর তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
১৯৯০ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। এরপর আরও দু-বার ভারত সরকার তাঁকে পদ্ম সম্মানে সম্মানিত করে। ২০০২ সালের জানুয়ারিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ ও ২০২২-এ পদ্মবিভূষণে ভূষিত হন। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের কিরানা ঘরানায় একের পর এক নজির সৃষ্টি করেছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে, রত্না পুরস্কার, হাফিজ আলি খান পুরস্কার এবং তিনি গ্লোবাল অ্যাকশন ক্লাব ইন্টারন্যাশনাল দ্বারাও স্বীকৃতি পেয়েছেন। হীরাবাই বদোদেকরের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন। ভীমসেন যোশীর পর কিরানা ঘরনায় প্রভা আত্রের বিশেষ অবদান ছিল। আট বছর বয়সে গান গাওয়া শুরু করেন শিল্পী। শুধু তাই নয়, প্রভা স্বরঙ্গিনী এবং স্বরঞ্জনীর মতো সঙ্গীত রচনার উপর বই লিখেছিলেন। বিজ্ঞান ও আইনে স্নাতক হওয়ার পর প্রভা আত্রে সঙ্গীতেও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন।

