গত ২৩শে ফেব্রুয়ারী রাতে পানাগড় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা ও নৃত্যশিল্পী সুতন্দ্রা চ্যাটার্জির। এই ঘটনায় এবার তার গাড়ির চালক রাজদেও শর্মাকে গ্রেফতার করল পুলিশ। ওইদিন এই ঘটনার পর গাড়ির চালকের সাথে কথা বলে পুলিশ। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার পরও বারবার নিজের বয়ান বদলাতে দেখে তারা। এই নিয়ে সন্দেহ জাগে পুলিশের মনে। এর জেরেই মঙ্গলবার ভোর রাতে চন্দননগর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে নিয়ে আসা হয় কাঁকসা থানায় নিয়ে আসা হয়। এই দিনই তাকে তোলা হবে মহকুমা আদালতে। উল্লেখ্য, গত ২৩শে ফেব্রুয়ারী রাতে গাড়ি নিয়ে গয়ায় অনুষ্ঠান করতে যাচ্ছিলেন সুতন্দ্রা চ্যাটার্জি। কিন্তু সেই যাত্রাতেই পানাগড় জাতীয় সড়কে উল্টে যায় তার গাড়ি। ঘটনায় মৃত্যু হয় সুতন্দ্রার। জানা যায়, দুটি গাড়ির রেষারেষির জেরেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি করে পুলিশের। এরপর তার গাড়ির চালক দাবি জানায়, ইভটিজিং করা হচ্ছিল সুতন্দ্রাকে। সেই কারণেই জোরে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। পরবর্তীকালে ফের নিজের বয়ান বদলায় গাড়ির চালক। বারবার গাড়ির চালক নিজের বয়ান বদল করাতে ক্ষোভ প্রকাশ করেছেন সুতন্দ্রার মা। তবে রাজদেও শর্মার বারবার বয়ান বদলানোর কারণ কী থাকতে পারে তা নিয়ে তদন্ত করছে পুলিশ।