বিএসএফকে নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ৷ যদি পাথর ছোড়ার কাজ করত, তাহলে বিএসএফ নামার পর জায়গায় শান্তি ফিরত না, মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে এদিন এ মন্তব্য করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ-কে আক্রমণ করে বলেন, “আমি কিন্তু খোঁজ নেব, বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে । কিছু বাচ্চা ছেলেকে পাঁচ-ছয় হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে ।” তারপরেই দুর্গাপুর থেকে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেন, “বিএসএফ পাথর ছোড়ার কাজ করে না। বিএসএফ যদি পাথর ছোড়ার কাজ করত, তাহলে বিএসএফ নামার পর জায়গায় শান্তি বিরাজ করত না। আমরা যে পাথরবাজি দেখতে অভ্যস্ত পশ্চিমবঙ্গে, সেটা রামনবমীর শোভাযাত্রা হোক বা ধর্মীয় কোনও শোভাযাত্রায় গ্রামের দিকে বিশেষ করে সেখানে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী না নামছে ততক্ষণ পর্যন্ত শান্তি ফিরছে না।” দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে জাতীয় মহিলা কমিশনের মহিলা জনশুনানি কর্মসূচি হয়। এই কর্মসূচি থেকে অভিযোগকারী মহিলাদের কথা শুনলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তদন্তের অগ্রগতি জানলেন পুলিশের আধিকারিকদের কাছ থেকে । এদিন প্রায় 60 জন অভিযোগকারীর কথা শোনেন তিনি। তিনি বলেন, “প্রতিদিন জাতীয় মহিলা কমিশনের কাছে প্রচুর অভিযোগ জমা পড়ে। সেই জন্য আমরা ঠিক করেছি এলাকায় এলাকায় গিয়ে এলাকার পুলিশ আধিকারিকদের এবং অভিযোগকারীদের সঙ্গে নিয়ে বৈঠক করব। সেই বৈঠক থেকেই অভিযোগের সমাধান করা হচ্ছে ।”

