November 24, 2026
BREAKING NEWS
২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরউত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াং
বিজ্ঞান-প্রযুক্তি

ইতিহাস গড়ে মহাকাশে পাড়ি দিলেন ভারতের শুভাংশু, উড়ানের পরেই দেশবাসীকে দিলেন বার্তা

দীর্ঘ প্রতীক্ষার অবসান। মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। বুধবার বেলা ১২টা ১ মিনিটে শুভাংশুদের নিয়ে মহাকাশে পাড়ি দেয় স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’। ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের ৩৯এ লঞ্চ কমপ্লেক্স থেকে ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে ড্রাগনকে মহাকাশে পাঠানো হয়েছে। ভারতীয় সময় বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন) পৌঁছাবেন শুভাংশুরা। নাসার ‘অ্যাক্সিওম-৪’ অভিযানে পাইলটের ভূমিকায় রয়েছেন ৩৯ বছরের শুভাংশু। তিনিই মহাকাশযানটি পরিচালনা করছেন। এজন্য দীর্ঘদিন স্পেস এক্স এবং ‘অ্যাক্সিওম স্পেস ইনকর্পোরেশন’-এ প্রশিক্ষণও নিতে হয়েছে তাঁকে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন অ্যাক্সিওমের রেগি হুইটসন। এছাড়াও রয়েছেন পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। ১৪ দিন তাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। প্রথমে ঠিক ছিল, ২০২৫ সালের ২৯ মে শুভাংশুদের অভিযান হবে। এরপর ৮ জুন, ১০ জুন, ১১ জুন, ১৯ জুন ও ২২ জুন উৎক্ষেপণের তারিখ নির্ধারিণ করা হয়েছিল। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণে মহাকাশযাত্রা সম্ভব হয়নি। বারবার পিছিয়েছে অভিযান। অবশেষে এদিন মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু সহ চার মহাকাশচারী। মিশন সফল হলে শুভাংশু হবেন ভারতের দ্বিতীয় ব্যক্তি যিনি মহাকাশে পা রাখবেন। ১৯৮৪ সালে উইং কমান্ডার রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন। তার ৪১ বছর পর ইতিহাস গড়লেন শুভাংশু। মহাকাশ গবেষণাকেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার ১০ মিনিট পরে প্রথম বার্তায় শুক্লা জানান, তাঁর কাঁধে ভারতের তেরঙা পতাকা। প্রথম বার্তায় শুক্লা বলেন, ‘‘নমস্কার, আমার প্রিয় দেশবাসী, আমরা ৪১ বছর পর মহাকাশে পৌঁছেছি। এটা একটা দুর্দান্ত সফর ছিল।’