November 24, 2026
BREAKING NEWS
২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরউত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াং
দেশ

২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!

২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং শিরোমণি অকালি দল (এসএডি)। মঙ্গলবার গুরুনানকের জন্মবার্ষিকী অর্থাৎ গুরু পরব উপলক্ষ্যে নয়াদিল্লির বিজেপি সদর দপ্তরে এক যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা , অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে জানানো হয়, মঙ্গলবার থেকেই দুই দল জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) অংশীদার হিসেবে কাজ করবে। উল্লেখ্য, কেন্দ্রের তিনটি কৃষি আইনের প্রতিবাদে ২০২০ সালে বিজেপির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেছিল অকালি দল, যদিও পরে এক বছরব্যাপী কৃষক আন্দোলনের জেরে সেই আইনগুলি প্রত্যাহার করা হয়। যৌথ সাংবাদিক বৈঠকে অমিত শা অকালি দলকে বিজেপির অন্যতম পুরোনো সহযোগী হিসেবে উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ের রাজনৈতিক সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, “বাদল সাহেবের নেতৃত্বে অকালি দল আমাদের সবচেয়ে পুরোনো সঙ্গী ছিল। আমরা একসঙ্গে বহু নির্বাচনে লড়েছি, জিতেছি এবং হেরেছি। কিন্তু আমাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। আজ সেই সম্পর্ক পুনরুজ্জীবিত হচ্ছে, এবং আমরা এতে অত্যন্ত আনন্দিত।” জোটের অগ্রাধিকার প্রসঙ্গে অমিত শা জানান, রাজ্য থেকে মাদকাসক্তি ও দুর্নীতি নির্মূল করা, জাতীয়তাবাদী শক্তিকে মজবুত করা এবং কৃষকদের মূল সমস্যাগুলির সমাধান করাই তাঁদের প্রধান লক্ষ্য। মাদকের বিরুদ্ধে সময়সীমা বেঁধে দিয়ে তিনি বলেন, “২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা পঞ্জাব থেকে মাদক নির্মূল করব।” একই সঙ্গে পাঞ্জাবের বর্তমান আম আদমি পার্টি (আপ) সরকার এবং ২০১৭ সালে কংগ্রেস নেতা রাহুল গান্ধির প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন যে আপ সরকার প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে। শিখ গুরুদের অপমানের ঘটনায় জড়িতদেরও রেয়াত করা হবে না বলে তিনি স্পষ্ট জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *