November 24, 2026
BREAKING NEWS
২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরউত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াং
বিনোদন

প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

প্রেক্ষাগৃহে বাংলা ছবি চালানো নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক টানাপোড়েনে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। সিনেমা হলে বাংলা ছবির প্রাইম টাইম শো নিশ্চিত করতে হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার চলচ্চিত্র জগতের বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানান বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। বৈঠকের সারমর্ম তুলে ধরে রুদ্রনীল ঘোষ জানান, রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহে বাংলা ছবির জন্য প্রাইম টাইম শো থাকা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ বলেছেন, অন্য ভাষার ছবি প্রদর্শনে কোনও বাধা নেই, তবে বাংলা ছবিকে নির্দিষ্ট প্রাইম টাইমে জায়গা দিতেই হবে। এই নিয়ম মানা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চিঠি পাঠানো হবে এবং প্রয়োজনে লাইসেন্স বাতিলের বিষয়টিও বিবেচনা করা হবে। সাম্প্রতিক সময়ে বাংলা ছবির শো কমে যাওয়া বা হল থেকে নামিয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছে, বৈঠকে সেই প্রসঙ্গও উঠে আসে। রুদ্রনীল ঘোষ জানান, আজকের আলোচনা কেবল একটি নির্দিষ্ট ছবির ঘটনাকে কেন্দ্র করে হয়নি, বরং সামগ্রিকভাবে বাংলা সিনেমার টিকে থাকার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তাঁর কথায়, “আজকে যে চর্চা ছিল সেটা শুধুমাত্র ‘সাধক বামাক্ষ্যাপা’ সিনেমাটির জন্যেই নয়।” তিনি আরও বলেন, “বহু সিনেমা নিয়ে, বাংলা সিনেমা নিয়ে এই ঘটনা বহু বছর ধরে ঘটছে। কিন্তু এটাই নতুন সরকার।” হল মালিক, ডিস্ট্রিবিউটর, প্রযোজক এবং পরিচালকদের প্রতিনিধিদের একসঙ্গে ডেকে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ করেছেন, তাকে ইতিবাচক বলেই বর্ণনা করেছেন রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, “যারা এই সিনেমা বানিয়েছেন, যারা জড়িয়ে রয়েছেন, তারা প্রত্যেকে হল মালিকদের অ্যাপ্রোচ করুন এবং হল মালিক যারা রয়েছেন, তারা তাদের অ্যাপ্রোচ গ্রহণ করুন।” পাশাপাশি হল মালিকদের যে বাস্তব সমস্যার কথা উঠে এসেছে, সেদিকেও নজর রয়েছে বলে জানান তিনি। তাঁর কথায়, “সিনেমা এমন পারফরম্যান্স করছে না, হল খালি যাচ্ছে দেখে আমাদের অনেক সময় সিনেমা সরিয়ে দিতে হয়েছে।” চলচ্চিত্র মহলের সমস্যা ও সমাধানের পথ খুঁজতে মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিজ্ঞদের যুক্ত করে একটি কমিটি গঠনের কথাও জানান রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, “দুজন অভিজ্ঞ মানুষের কাছে একটা নির্দিষ্ট টিম তৈরি করে দিয়েছেন, যাতে এই ঘটনাটির একদম তথ্য এবং লিখিতভাবে, যাতে সবাই মিলে বাংলা কাজগুলোকে যাতে সুন্দরভাবে করতে পারে, দেখাতে পারে।” মুখ্যমন্ত্রীর বার্তা উদ্ধৃত করে রুদ্রনীল জানান, “আপনাদের যারা অভিজ্ঞ রয়েছে, তারা অভিমত দিন, তবে ব্যক্তি স্বার্থে নয়, সবার জন্য।” নিয়ম কার্যকর করার পাশাপাশি রাজ্যের পরিকাঠামো উন্নয়নের দিকেও সরকার নজর দিচ্ছে বলে জানান রুদ্রনীল ঘোষ। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায় 51টি নতুন হল সরকারি উদ্যোগে নির্মাণের পাশাপাশি বাকি প্রেক্ষাগৃহ ও সংস্কারযোগ্য জায়গাগুলোকে সিনেমা প্রদর্শনের উপযোগী করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রাইম টাইমে বাংলা সিনেমাকে পরিষ্কার শো দিতেই হবে একটি এবং তার সঙ্গে সঙ্গে যদি কেউ এটা না মানেন, তার ক্ষেত্রে কিন্তু লিগ্যাল অ্যাকশন হবে।” এ ছাড়া হলগুলো বাঁচিয়ে রাখতে অর্থ সাহায্যের বিষয়টিও ভেবে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, যা বাংলা সিনেমার ভবিষ্যতের জন্য বড় পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *