ফের মেট্রো লাইনে বিভ্রাট। লাইনে জল। শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর রুটে বুধবার ব্যস্ত সময়ে পরের পর মেট্রো দাঁড়িয়ে থাকার অভিযোগ। দীর্ঘক্ষণ মেট্রো না পেয়ে গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়ে যান যাত্রীরা। ক্ষোভ উগরে দেন স্টেশনে স্টেশনে অপেক্ষারত নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, এদিন সকাল থেকে অতিরিক্ত বৃষ্টির জন্য কালীঘাট, যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে জল জমে রয়েছে। আর সে কারণে থমকে গিয়েছে পরিষেবা। আপাতত এই রুটে মেট্রো চলাচল করা যাচ্ছে না বলে ঘোষণা করা হচ্ছে স্টেশনগুলিতে। পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি। তবে হঠাৎই মেট্রো বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়তে হয় যাত্রীদের। কার্ড পাঞ্চ করে মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে যান অনেকেই। অনেকে আবার কিউআর টিকিটও কাটেন। ভিতরে গিয়ে জানতে পারেন, মেট্রো চলছে না। বাধ্য হয়ে বেরিয়ে আসতে হয় তাঁদের। ভোগান্তি শুধু টালিগঞ্জের দিকেই নয়। দমদম থেকে যাঁরা কবি সুভাষের দিকে যাচ্ছিলেন, বিভিন্ন স্টেশনে আটকে পড়েন তাঁরাও। কারও মেট্রো দাঁড়িয়ে যায় গিরিশ পার্কে, কারও শ্যামবাজারে। বারবার মেট্রো বিভ্রাট নিয়ে অতিষ্ট নিত্যযাত্রীরা। এর আগেও চলতি বর্ষার মরশুমে একাধিকবার মেট্রোর কয়েকটি স্টেশনের ট্র্যাকে জল জমে থাকার কারণে পরিষেবা ব্যাহত হয়েছে। গত জুলাই মাসেই পার্ক স্ট্রিট এবং ময়দান মেট্রো স্টেশনের মাঝে ট্র্যাকে জল জমে গিয়েছিল। ফলে পরিষেবা সাময়িক ভাবে স্থগিত হয়ে যায় এই রুটে। ফাইল চিত্র।

