স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-এর সময় যে ১১টি নথির কথা উল্লেখ করেছিল নির্বাচন কমিশন, সেখানে আধার কার্ড ও ভোটার কার্ড ছিল না৷ সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বিহারের এসআইআর-এর ক্ষেত্রে আধার কার্ডকে নথি হিসেবে ব্যবহার করা যাবে৷ সেই নির্দেশের ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই ভোটার কার্ডও এই তালিকা সংযুক্ত করার দাবি উঠল৷ সেই দাবি তুললেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি এখন উত্তরবঙ্গে রয়েছেন৷ সেখানে তাঁর তিনদিনের সরকারি কর্মসূচি রয়েছে৷ মঙ্গলবার কলকাতা থেকে তিনি উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন৷ তার আগে কলকাতা বিমানবন্দর চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন৷ সেখানেই তিনি ভোটার তালিকা সংশোধন নিয়ে এই কথা বলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটার কার্ড হল একজন ভোটারের জন্য পরিচয়পত্র। আধার কার্ড অন্তর্ভুক্ত করার অর্থ হল সকলের কাছে এটি আছে। এবং যার কাছে এটি নেই সে এটা করিয়ে নেবে৷ আমার মনে হয় ভোটার কার্ডও অন্তর্ভুক্ত করা উচিত৷” একই সঙ্গে তিনি এদিন আরও একবার এসআইআর-এর বিরোধিতায় সরব হন৷ মমতা বলেন, “আমরা SIR-এর বিরুদ্ধে। আমাদের দলের অবস্থান হল ইন্ডিয়া ব্লকের মতো। এটা দুই বা তিন মাসের মধ্যে করা সম্ভব নয়৷”


