ভোটে অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ সভা অনুষ্ঠিত হল। এই কর্মসূচিতে যোগ দিতে এদিন বিভিন্ন রাজ্য থেকে বিরোধী দলের নেতারা রাজধানীতে পৌঁছান। সভায় বক্তব্য রাখতে উঠে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। মমতা বলেন, “ভ্যানিশ কুমার বাংলায় ভোট লুট করেছে। আমি হারিনি, ষড়যন্ত্র করে হারানো হয়েছে।” ‘ভ্যানিশ কুমার’ কবিতা বলতেও শোনা যায় মমতাকে। তৃণমূলনেত্রী বলেন, “ভোট লুট করেছে বিজেপি, দেশের গণতন্ত্রকে হরণ করেছে।” এছাড়া তাঁর বক্তব্যে উঠে আসে ভবানীপুর ও নন্দীগ্রামে শেষ বিধানসভা নির্বাচনে তাঁর পরাজয়ের প্রসঙ্গ। সভায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও বক্তব্য রাখেন। বক্তব্যের শুরু থেকে তিনি কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করেন। খাড়গে বলেন, “এক হয়ে লড়লে মোদি যাবে। আর গেলে সংবিধান বাঁচবে।” এরপর বক্তব্য রাখতে ওঠেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। বাংলায় ভোটচুরির অভিযোগ তুলে তিনি বলেন, “বাংলার ভোট লুট করেছে বিজেপি। সেখানকার ছবি কেউ ভুলবে না। ভোটের আগে এসআইআর, আর ভোটের সময় হাজার হাজার সেনা দিয়ে ভোট চুরি হয়েছে। আমরা ভোট চুরি ধরেছি। ২০২২-এ আমরা সরকার বানাতে পারিনি এই ভোট চুরির জন্যই। বাংলায় যা করেছে সেটাই আগে করেছিল উত্তরপ্রদেশে। ভোট দিতেই দেয়নি। ঘরে ঘরে গিয়ে ধমকেছে।”