আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ছাড়া ঝড়বৃষ্টি হতে পারে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হাওড়া জেলাতে। হাওয়া অফিস সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সব জেলায়। বৃষ্টির সঙ্গেই ঝোড়ো বাতাস বইতে পারে জেলাগুলিতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে বাতাস। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।

