কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্য ৷ আপাতত শীতের এই দাপুটে ইনিংস চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গের বীরভূম ও পশ্চিম বর্ধমানে আজ ও আগামিকাল শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে ৷ শীতল দিনের সতর্কতা দেওয়া হয়েছে হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে । আগামিকাল বৃহস্পতিবার এই জেলাগুলিতে শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে । এছাড়াও উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে । আজ বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় কুয়াশার সতর্কতা জারি থাকবে । দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে । উত্তরবঙ্গে শীতল দিনের পরিস্থিতি তিন জেলাতে । জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে তিনদিন ৷ অর্থাৎ আজ, আগামিকাল ও পরশু ৷ আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে । মঙ্গলবার সকালে ঠান্ডায় কেঁপেছে কলকাতা । তবে মহানগরে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা এই প্রথম নয় ৷ বিগত বছরের জানুয়ারিগুলিতে নিম্নতম তাপমাত্রার প্রথম দশের মধ্যে স্থান নেই এদিনের তাপমাত্রার । যদিও ২০১৩ সালে ৯ ডিগ্রির ঘরে নেমেছিল তাপমাত্রা । দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে কুয়াশা ও শীতের দাপট বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আজ বুধবার দিনের আকাশ প্রধানত পরিষ্কার থাকার পাশাপাশি ভোরে ও বেলায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৯ এবং ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । ৭ জানুয়ারি সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে । অনেক জায়গায় দৃশ্যমানতা কমে ২০০ থেকে ১৯৯ মিটারের মধ্যে থাকবে । মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও উত্তর ২৪ পরগনায় এক–দু’টি জায়গায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ৷ যেখানে দৃশ্যমানতা ৫০ থেকে ১৯৯ মিটার পর্যন্ত নেমে যেতে পারে । বীরভূম ও পূর্ব বর্ধমান জেলার এক–দু’টি জায়গায় শৈত্যপ্রবাহ ও শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে । হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং দুই 24 পরগনায় শীতল দিনের সম্ভাবনা রয়েছে ।

