ফের শহরে সিবিআই হানা । প্রায় হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণ প্রতারণার গুরুতর অভিযোগ ৷ সেই মামলার তদন্তেই বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দক্ষিণ কলকাতার আলিপুরে হানা দেয় সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রথমে আলিপুরের নিউ রোডে এক অভিযুক্ত ব্যবসায়ী সুনীল কানরিয়ার বাসভবন এবং অফিসে ঢুকে তল্লাশি শুরু করলেও সেখানে তাঁকে পাওয়া যায়নি । এরপরই আলিপুর অ্যাভিনিউয়ের তাঁর আরও একটি বাড়িতে গিয়ে তদন্তকারীরা অভিযান চালিয়ে যাচ্ছেন । কলকাতার আরও একাধিক স্থানে সমান্তরালভাবে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে । সিবিআইয়ের সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, এই অভিযানটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে নেওয়া প্রায় ১০০০ কোটি টাকার ঋণ প্রতারণার মামলার সঙ্গে জড়িত । ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ছয় বছর ধরে দফায় দফায় কোটি কোটি টাকা ঋণ নিয়ে নয়ছয় করার অভিযোগ উঠেছে । প্রথম ধাপে ৭৩০ কোটি এবং পরবর্তীতে ২৬০ কোটি টাকা নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে । অভিযোগ, সব মিলিয়ে প্রায় হাজার কোটি টাকার এই বিশাল প্রতারণার জালে জড়িয়ে রয়েছেন দুই ব্যবসায়ী, দুটি সংস্থা এবং অজ্ঞাত পরিচয়ের এক সরকারি কর্মচারী । আইপিসি-র ১২০(বি) ধারা এবং দুর্নীতি দমন আইনের অধীনে মামলা দায়ের হয়েছে । এই মামলায় আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-সহ অন্যান্য কেন্দ্রীয় সংস্থা তদন্ত করে । আদালতে দীর্ঘ মামলা চলার পর কলকাতা হাইকোর্ট সিবিআই-কে তদন্তের নির্দেশ দেয় । সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার সকাল থেকেই সিবিআইয়ের অভিযান শুরু হয়েছে । তদন্তকারীদের মতে, ঋণের নামে জাল দলিল এবং মিথ্যা তথ্য সরবরাহ করে ব্যাঙ্কের অর্থ তুলে নেওয়া হয়েছে, যা দেশের আর্থিক ব্যবস্থাকে বড় ধাক্কা দিয়েছে । এদিন আলিপুরের নিউ রোডে প্রথম হানা দেয় সিবিআই ৷ কিন্তু অভিযুক্ত ব্যবসায়ীকে না পাওয়ায় তদন্তকারীরা দ্রুত তাঁর আলিপুর অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছে যান । সেখানে কাগজপত্র, ডকুমেন্টস এবং ইলেকট্রনিক ডিভাইসগুলো তল্লাশি করা হচ্ছে । একইসঙ্গে কলকাতার অন্যান্য অঞ্চলে অভিযান চলছে, যাতে প্রমাণ সংগ্রহ করা যায় । স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হচ্ছে বলে জানা গিয়েছে ।