কলকাতা

আনন্দপুরের নাজিরাবাদ অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ২১টি দেহাংশের DNA ম্যাপিংয়ের সিদ্ধান্ত, জারি ১৬৩ ধারা

আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডের পরে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ২১টি দেহাংশ শনাক্তকরণে বৃহস্পতিবারই DNA ম্যাপিং শুরু হতে পারে। আগুনে পুড়ে মৃতদের নাম-পরিচয় জানতে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রশাসনের তরফে জানানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ২১টি দেহাংশের মধ্যে একটি আধপোড়া দেহ রয়েছে। বাকি ২০টি কঙ্কাল। অগ্নিকাণ্ডের পরে ২৮ জনের পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার মধ্যরাত থেকে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (IPC-র ১৪৪) ধারা জারি হয়েছে দুর্ঘটনাস্থলে। ফলে ওই এলাকায় জমায়েত এবং সাধারণ মানুষের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। আজ বিকেলে ঘটনাস্থলে যেতে পারেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির বিধায়করা, সূত্রের খবর এমনটাই।